ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ৩ মাসের বিশেষ অভিযান শুরু

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এবং এডিস মশার প্রজননস্থল নির্মূলে রাজধানীসহ সারা দেশে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ফুলের টব, ড্রেনসহ আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ জমে থাকা স্বচ্ছ পানিই এডিস মশার বংশবিস্তারের প্রধান ক্ষেত্র।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকার আজ থেকেই দেশজুড়ে মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা শুরু করছে। আমরা সবার কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পানি জমতে না দেওয়াই ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম উপায়।”
জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “সচেতনতা বৃদ্ধির পরও যদি অবহেলা দেখা যায়, তবে আমরা কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। যেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা করা হবে।”
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, সংস্থাটির নিজস্ব জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টিকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় আগামী রোববার থেকে এক সপ্তাহব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুই মাস আগেই সম্ভাব্য ডেঙ্গু ঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্টদের সতর্ক করেছিলেন। সেই নির্দেশনার আলোকে সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে আগাম প্রস্তুতি গ্রহণ করেছে।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
ভিডিও বাংলা/এমএস







