বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে গত ৬ দিন ধরে প্রেমিক তাহজিদ হোসাইনের বাড়িতে অনশন করছেন প্রেমিকা এইচএসসি পরীক্ষার্থী তাসনিম জাহান মিম (১৮)। কিন্তু বাড়ি থেকে লাপাত্তা রয়েছেন প্রেমিক তাহজিদ হোসাইন।
তাসনিম জাহান মিম পাবনার সুজানগর উপজেলার উলাট কাদোয়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে রতন মোল্লার মেয়ে এবং তাহজিদ হোসাইন উলাট মোল্লাপাড়া গ্রামের শফি মোল্লার ছেলে।
মেয়ের বাবা রতন মোল্লার লিখিত অভিযোগে জানা যায়, তাসনিম জাহান মিমের সাথে তাহজিদ হোসাইনের দীর্ঘ ২ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তারা উভয় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। চলতি বছরের ৩১ মে রাত ১২টার দিকে তাহজিদ কৌশলে তার ভগ্নিপতি আকিবুল হকের সহযোগিতায় আমার মেয়ের সাথে আমার বাড়িতেই রাত্রিযাপন করে। আপত্তিকর অবস্থায় তারা দুজনে স্থানীয়দের কাছে ধরা পড়লেও সুকৌশলে তাহজিদ পালিয়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিয়ের দাবিতে পহেলা জুন মিম তার প্রেমিক তাহজিদের বাসায় চলে যায়। গভীর রাতে তাহজিদ বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর থেকে মিম ওই বাড়িতেই বিয়ের দাবিতে অবস্থান করছে।
তাসনিম জাহান মিমের চাচাতো ভাই সজল জানান, ঘটনাটি জানার পর উভয়পক্ষ বসে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু স্থানীয় পলিটিক্স এই পরিবেশ বিনষ্ট করছে। আমরা এটা পারিবারিক সম্পর্কে রুপ দিতে চাই। তৃতীয় পক্ষ উস্কানী দিয়ে বিষয়টি থানা কাচারিতে নেয়ার পাঁয়তারা করছে।
মিমের বাবা রতন মোল্লা বলেন, ছেলে মেয়ের মধ্যে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা নিজেরাই এটি নিষ্পত্তি করতে চেয়েছি। কিন্তু ঘটনার মোড় অন্যদিকে নেয়ায় আমার মেয়ে ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে। বিয়ে না হওয়া পর্যন্ত আমরাও মেয়েকে ওই বাড়ি থেকে আনতে আগ্রহী নই।
তাহজিদের মা বিউটি খাতুন তাহজিদ ও মিমের প্রেমের সম্পর্কের সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে মেয়ের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। প্রেমের সম্পর্ক জানার পর তার ছেলে তাহজিদকে এই সম্পর্ক থেকে সরে আসার জন্য তিনি চাপ দেন। কয়েকমাস যোগাযোগ বন্ধ থাকলেও মেয়ে ফুঁসলিয়ে সুকৌশলে জন্মদিনের কেক কাটার কথা বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে এই ষড়যন্ত্র করেছে।
তাহজিদের মা আরও বলেন, মেয়েটি আমার বাড়িতে এসে উঠলে স্থানীয়দের মধ্যস্থ্যতায় বিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু একটি পক্ষ বিষয়টি ভিন্নখাতে নেয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এদিকে অভিযোগ উঠেছে, ছেলের মা বিউটি খাতুন, প্রেমিকা তাসনিম জাহান মিমকে কারও সঙ্গে দেখা সাক্ষাত বা কথা বলতে দিচ্ছেন না। যে কারণে মিমের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে মিমের আত্মীস্বজনরা অভিযোগ করেন, ছেলের কোন আত্মীয় পুলিশে চাকুরি করার সুবাদে তারা আইনী সহায়তা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান জানান, বৃহস্পতিবার (৪ জুন) ঘটনাটি আমি জানতে পেরেছি। বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। ইতোমধ্যে ঘটনার কিছু তদন্ত করা হয়েছে। মেয়ে পক্ষ সম্ভবত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু পুরো ঘটনা উর্দ্ধতন স্যাররা জানেন। তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
ভিওডি বাংলা/এম এস রহমান/জা







