ভূমি কর্মকর্তাদের সম্পদের হিসাব চাইল মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পদের বিবরণী চেয়ে সম্প্রতি জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে আগামী ২৫ জুনের মধ্যে সম্পদের বিবরণী মন্ত্রণালয়ে বলা হয়।
চিঠিতে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা বিভাগে কর্মরত কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, প্রসেস সার্ভার, অফিস সহায়ক, চেইনম্যান এবং নিরাপত্তা প্রহরীসহ উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মচারীদের [সহকারী কমিশনার (ভূমি) ব্যতীত] সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত ছক মোতাবেক ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলেও এ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এ অবস্থায় ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত ছক মোতাবেক আগামী ২৫ জুনের মধ্যে আবশ্যিকভাবে ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে পুনরায় অনুরোধ করা হয়।
চিঠির সঙ্গে সম্পদের হিসাব বিবরণীর নির্ধারিত ছকও সংযুক্ত করা হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







