রাঙ্গাবালীর সেই শ্রমিক দল নেতাকে শোকজ করলো জেলা কমিটি

একের পর এক বিভিন্ন অভিযোগে আলোচিত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম মুন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শ্রমিক দল।
ওই নোটিশে স্বাক্ষরকারী পটুয়াখালী জেলা শ্রমিক দলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপনের সঙ্গে শুক্রবার বিকেলে যোগাযোগ করা হলে তিনি নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ফিরোজ মুন্সির বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহিদুর রহমান খান বাবু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নজরে এসেছে। এসব অভিযোগ যেমন অপ্রত্যাশিত, তেমনি সংগঠন হিসেবেও জেলা শ্রমিক দলের জন্য বিব্রতকর।
এতে আরও বলা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী দুই দিনের মধ্যে জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি ফিরোজ মুন্সির বিরুদ্ধে সালিশ বাণিজ্য, চাঁদা দাবি, এক ইউপি সদস্যকে হুমকি দেওয়া এবং ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অডিও এবং ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সর্বশেষ ইউপি সদস্যকে হুমকির অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
ভিওডি বাংলা/মো. কাওছার আহম্মেদ/জা







