চাঁদপুরে পাটওয়ারী ও সারজিস, বিকেলে সমাবেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সফরে গেছেন।
তাদের আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
সফরসূচি অনুযায়ী,তারা জুমার নামাজ আদায় করবেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমাম ময়দান নুরিয়া মাদরাসায়। নামাজ শেষে বিকেল ৪টায় ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি বৃহৎ রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন।
এনসিপি মতলব উত্তর উপজেলার সদস্য সচিব মো. ইমদাদুল ইসলাম জানান, এই সমাবেশটি মূলত ঈদ পুনর্মিলনী এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ এবং এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়েও কথা বলবেন আমন্ত্রিত অতিথিরা।
স্থানীয় দলীয় সূত্র নিশ্চিত করেছে, এই জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন। মতলব উত্তর অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এই বিশাল আয়োজন।
স্থানীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় এই দুই হেভিওয়েট নেতার উপস্থিতি তৃণমূল কর্মীদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করবে, যা আগামী দিনে স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানটি সফল করতে আয়োজকদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ভিওডি বাংলা/আরআর/আ







