যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
শুক্রবার (৫ জুন) ভোররাতে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষ, কয়েকটি গাড়ির বিকল হয়ে পড়া এবং ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১০টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার সূত্রধর জানান, সেতুর পশ্চিম টোলপ্লাজা থেকে কোনাবাড়ি পর্যন্ত ঢাকামুখী লেনে তীব্র যানজট রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাময়িকভাবে উত্তরবঙ্গগামী লেন বন্ধ রাখা হয়েছে। বর্তমানে উভয় লেন ব্যবহার করে ঢাকামুখী যানবাহন পারাপার করা হচ্ছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে তৈরি পোশাকশিল্পের শ্রমিকসহ বিপুলসংখ্যক মানুষ কর্মস্থলে ফিরছেন। এতে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে।
তিনি জানান, ভোররাতে যমুনা সেতুর ওপর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে একটি বাস, একটি প্রাইভেটকার ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে কেউ হতাহত না হলেও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো বিকল হয়ে লেনটি অবরুদ্ধ করে ফেলে।
একই সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে গার্মেন্টসকর্মীদের বহনকারী দূরপাল্লার কয়েকটি বাস বিকল হয়ে পড়ে। ফলে উভয় দিকেই যান চলাচল ব্যাহত হয় এবং দ্রুত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, হাইওয়ে পুলিশের রেকার দিয়ে বিকল যানবাহনগুলো সরানোর কাজ চলাকালে পেছনে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। এতে যানজটের তীব্রতা আরও বেড়ে যায়।
হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা রাত থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন। কর্তৃপক্ষ আশা করছে, বিকেলের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
তবে দীর্ঘ যানজটের কারণে তীব্র গরমে বাসে আটকে থাকা যাত্রীদের, বিশেষ করে নারী ও শিশুদের, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভিওডি বাংলা/আ







