প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম-জুতা দেবে সরকার

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম ও জুতা বিতরণ কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী আগস্টের মধ্যেই এই উদ্যোগের পাইলট পর্যায়ের দৃশ্যমান অগ্রগতি শুরু করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৪ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ১৮০ দিনের একটি পাইলট কর্মসূচি চালু করা হচ্ছে, যার মাধ্যমে মানসম্মত পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠনগুলো সরকারের এ উদ্যোগে ইতোমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় পাইলট প্রকল্পের জন্য ৪ লাখেরও বেশি ইউনিফর্ম সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে জুতা শিল্পখাত থেকেও সমর্থন প্রত্যাশা করছে সরকার।
সভায় জানানো হয়, পাইলট পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) কেডস সরবরাহের বিষয়টি প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। ছয় বছর বয়সী শিশুদের উপযোগী সাইজ, বৈচিত্র্য, ছেলে ও মেয়েদের চাহিদা এবং সরবরাহ সক্ষমতা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামত আহ্বান করা হয়েছে।
ববি হাজ্জাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সম্ভাব্য অনুদান, সরবরাহের সময়সূচি এবং উৎপাদন ব্যয়ের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা হবে।
তিনি আরও উল্লেখ করেন, চলতি বছরের আগস্টের মধ্যেই পাইলট কর্মসূচির বাস্তব অগ্রগতি জনসমক্ষে উপস্থাপন করতে চায় সরকার। পাশাপাশি সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই কার্যক্রমের বাস্তবায়ন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং দেশের বিভিন্ন ফুটওয়্যার কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







