উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে মিয়ানমার সন্ত্রাসীদের গোলাগুলি

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (৩ জুন) দুপুর সোয়া ২টার দিকে উখিয়ার পালংখালীর বাহারপাড়া সীমান্ত সংলগ্ন নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্রগুলোর দাবি, গোলাগুলির ঘটনায় জড়িতরা রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য। তবে বিজিবি তাদের পরিচয় নিশ্চিত না করে ‘অস্ত্রধারী সশস্ত্র গ্রুপ’ হিসেবে উল্লেখ করেছে।
প্রাথমিকভাবে বিজিবির ধারণা, গত ৩০ মে টেকনাফের হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ কাব্যিক চর এলাকায় জেলের ছদ্মবেশধারী দুই রোহিঙ্গার কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়ার ঘটনায় যে সশস্ত্র দল জড়িত ছিল, বুধবারও ঘটনাস্থলে একই দলের সদস্যদের উপস্থিতি ছিল।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী নাফ নদীর শূন্যরেখার কাছে মিয়ানমারের দিক থেকে জেলের ছদ্মবেশে একটি নৌকায় কয়েকজন অস্ত্রধারীকে আসতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে টহলরত বিজিবির একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়। একপর্যায়ে বিজিবি সদস্যরা সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে ওই দলটিও কয়েকটি গুলি চালায়। পরে তারা নৌকাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবি জানায়, পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, তিনটি জি-থ্রি খালি ম্যাগাজিন, তিনটি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫টি গুলি, একটি জি-থ্রি পাউচ, একটি মোবাইলফোন, একটি সিম কার্ড, চার হাজার ইয়াবা উদ্ধার করে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভিওডি বাংলা/আরআর/জা







