• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

সংস্কারের বাজেটে থাকছে কর নিয়ে স্বস্তির বার্তা

বিশেষ প্রতিনিধি    ৪ জুন ২০২৬, ০১:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত

করদাতাদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাতে ব্যক্তি আয়কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। প্রতি বছরের বাজেটকে কেন্দ্র করে করমুক্ত আয়সীমা ও করহার নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়, তা দূর করতে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি কর-রোডম্যাপ ঘোষণা করা হতে পারে আসন্ন জাতীয় বাজেটে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন উপস্থাপিত হতে যাওয়া জাতীয় বাজেটে ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা, করহার এবং কর কাঠামোর একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হবে। এর আওতায় বর্তমানে ৩ লাখ ৫০ হাজার টাকা থাকা করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা হবে ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ অর্থবছরে ৪ লাখ টাকা, ২০২৯-৩০ অর্থবছরেও ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে তা বেড়ে দাঁড়াবে ৪ লাখ ৫০ হাজার টাকায়। সরকারের দাবি, মূল্যস্ফীতির চাপ বিবেচনায় সাধারণ করদাতাদের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘমেয়াদি কর পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী ও বিনিয়োগকারীরা আগাম জানতে পারবেন ভবিষ্যতে তাদের কর দায় কীভাবে পরিবর্তিত হতে পারে। ফলে সঞ্চয়, বিনিয়োগ ও ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা আরও সহজ হবে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দীর্ঘদিন ধরে রাজস্ব ব্যবস্থা, ব্যাংক খাত ও ভর্তুকি কাঠামোয় সংস্কারের সুপারিশ করে আসছে। ফলে এবারের বাজেটে সংস্কারমূলক পদক্ষেপগুলো বিশেষ গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ১৪ মে সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার নীতিগত অনুমোদন দিয়েছেন। নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কর-রোডম্যাপ ঘোষণা করতে পারেন।

তবে অর্থনীতিবিদদের একাংশের মতে, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় করমুক্ত আয়সীমা ৪ লাখ ৫০ হাজার টাকায় সীমাবদ্ধ না রেখে ৫ লাখ টাকা বা তারও বেশি করা উচিত ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ।

কর বিশেষজ্ঞরা বলছেন, নতুন পরিকল্পনার সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের করদাতারা। বিশেষ করে যাদের আয় করমুক্ত সীমার কাছাকাছি, তাদের করের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ভবিষ্যৎ আয় ও বিনিয়োগ পরিকল্পনা করাও সহজ হবে।

বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৮ লাখ টিআইএনধারী রয়েছেন। এর মধ্যে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত প্রায় ৪৬ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।

এনবিআরের চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবেও এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সরকার ইতোমধ্যে করনীতি প্রণয়ন ও কর প্রশাসনকে পৃথক করার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য করনীতি প্রণয়নের সুযোগ তৈরি হবে।

আগামী ১১ জুন জাতীয় সংসদে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। সম্প্রতি প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, এবার করহার না বাড়িয়ে ভ্যাটের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকারের প্রথম বাজেটের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজস্ব আহরণের প্রয়োজনীয়তা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা। করদাতাদের জন্য ঘোষিত এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবে কতটা স্বস্তি বয়ে আনে, সেটিই এখন দেখার বিষয়।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থনীতির সুফল ঘরে ঘরে পৌঁছাতে চায় সরকার: মন্ত্রী আমির খসরু
অর্থনীতির সুফল ঘরে ঘরে পৌঁছাতে চায় সরকার: মন্ত্রী আমির খসরু
তিন মাসেই খেলাপি ঋণে ভয়াবহ উল্লম্ফন
তিন মাসেই খেলাপি ঋণে ভয়াবহ উল্লম্ফন
মার্কেন্টাইল ব্যাংকের ২৭ বছর পূর্তি উদযাপন, গ্রাহকবান্ধব সেবার অঙ্গীকার
মার্কেন্টাইল ব্যাংকের ২৭ বছর পূর্তি উদযাপন, গ্রাহকবান্ধব সেবার অঙ্গীকার