• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজশাহীতে এক বছরে আড়াই লাখ গাছ লাগানোর কর্মসূচি শুরু

রাজশাহী ব্যুরো    ৩ জুন ২০২৬, ০৩:৩৫ পি.এম.
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি: ভিওডি বাংলা

রাজশাহী মহানগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। আগামী এক বছরের মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৩ জুন) দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে সড়ক বিভাজক ও ফুটপাত এলাকায় চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত, খোলা জায়গা এবং ৩০টি ওয়ার্ডের উপযুক্ত স্থানে পর্যায়ক্রমে গাছ লাগানো হবে। প্রথম ধাপে প্রায় ৫৩ হাজার চারা রোপণের কাজ শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় ফুল, ফলজ, বনজ ও ঔষধি-বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ হ্রাস এবং সৌন্দর্য বৃদ্ধি এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

রাসিকের পরিকল্পনা অনুযায়ী তালাইমারী থেকে কাটখালী পর্যন্ত সড়ক, আমচত্বর-নওহাটা করিডোর, দাশপুকুর মোড়, কাশিয়াডাঙ্গা এলাকা, বিমানচত্বর, ভদ্রা, নওদাপাড়া, মেহেরচন্ডি, বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকা, জেলখানা রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি মহানগরীর প্রতিটি ওয়ার্ডেও এই কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীতে ব্যাপক সবুজায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নগরবাসীর সহযোগিতায় এই উদ্যোগ সফল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি নাগরিকদের প্রতি অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

রাসিক প্রশাসক আরও জানান, রোপণকৃত চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের পরিবেশ শাখার কর্মীরা গাছের বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমানসহ রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
খুলনায় বিএনপি নেতাকে গুলি
খুলনায় বিএনপি নেতাকে গুলি
খানজাহান আলী মাজার দীঘি থেকে সরানো হলো কুমির
খানজাহান আলী মাজার দীঘি থেকে সরানো হলো কুমির