• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মা ট্রেনে, প্ল্যাটফর্মে রয়ে গেল ৬ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০৩:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনের হুইসেল বাজছিল।  চারপাশের শতশত মানুষের হুড়োহুড়ি আর ব্যস্ততা।  এর মধ্যেই চোখের পলকে ঘটে গেল এক রুদ্ধশ্বাস ঘটনা। অসাবধানতাবশত ছয় বছরের সন্তানকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনে উঠে পড়লেন এক মা।  তবে বড় কোনো বিপদ ঘটার আগেই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় সন্তানকে ফিরে পেলেন তিনি। 

মঙ্গলবার (২ জুন) সকাল আটটার দিকে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি বিমানবন্দর স্টেশনে এসে থামে। বরাবরের মতোই যাত্রীদের ওঠা-নামার সময় স্টেশনে প্রচণ্ড ভিড় ও হুড়োহুড়ি তৈরি হয়।  ভিড়ের মধ্যে এক নারী যাত্রী নিজের ছয় বছর বয়সী শিশু সন্তানকে প্ল্যাটফর্মে রেখেই তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েন।  

ট্রেনটি যখন ছেড়ে দেওয়ার উপক্রম, ঠিক তখনই প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থাকা শিশুটি ভয়ে ও আতঙ্কে চিৎকার করে কাঁদতে শুরু করে।  দেখতে পেয়ে দ্রুত এগিয়ে যান সেখানে টহল ডিউটিতে থাকা আনসার সদস্যরা। পিসি মো. জয়নাল আবেদীন, এপিসি মো. ইমদাদুল হক এবং সদস্য শ্রী কৃষ্ণ চন্দ্র শিশুটিকে হেফাজতে নেন।

ট্রেনটি ছেড়ে দিলে শিশুটির অভিভাবক খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে বুঝতে পেরে তারা সময় নষ্ট না করে প্ল্যাটফর্মে এবং ট্রেনের বগিগুলোর সামনে দ্রুত ছুটে যান।  প্রত্যেকে উচ্চকণ্ঠে মাইকিং করে শিশুটির অভিভাবকের সন্ধান করতে থাকেন।

আনসার সদস্যদের এই তৎপরতার মধ্যেই ট্রেনের ভেতরে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মায়ের সন্ধান মেলে।  মায়ের বুকফাটা হাহাকার তখন পুরো স্টেশনের বাতাস ভারী করে তুলেছিল। 

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আনসার সদস্যরা শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।  সন্তানকে ফিরে পেয়ে মা কান্নায় ভেঙে পড়েন।

ভিওডি বাংলা/আরআর/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সেই ২ কর্মকর্তা বরখাস্ত
বর্জ্য অপসারণে অবহেলা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সেই ২ কর্মকর্তা বরখাস্ত
তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৭
তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৭
জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান
জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান