মন্ত্রিসভায় আসছে নতুন মুখ

প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ত্বরান্বিত করতে শিগগিরই মন্ত্রিসভায় পরিবর্তন আনার প্রস্তুতি চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন কয়েকজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের সম্ভাবনাও রয়েছে।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রের দাবি, বর্তমানে কয়েকজন মন্ত্রী একাধিক দপ্তরের দায়িত্ব পালন করায় কাজের চাপ বেড়েছে। এ কারণে প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে রাজনৈতিক ও আঞ্চলিক প্রতিনিধিত্বের ভারসাম্য রক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
সূত্রগুলো বলছে, সম্ভাব্য নতুন মুখদের তালিকায় নারায়ণগঞ্জের একজন তরুণ সংসদ সদস্যের নাম বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এছাড়া নরসিংদী থেকে একজন সংসদ সদস্যের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
এদিকে নেত্রকোনা থেকে একজন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একজন নারী সংসদ সদস্যের নামও সম্ভাব্য মন্ত্রী হিসেবে বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। পাশাপাশি বৃহত্তর নোয়াখালী এলাকার একজন জ্যেষ্ঠ বিএনপি নেতাকে মন্ত্রিসভায় যুক্ত করার বিষয়েও গুঞ্জন রয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, খুলনা, ঢাকা ও বৃহত্তর পাবনা অঞ্চল থেকেও কয়েকজন প্রতিনিধিকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের একজন সদস্যকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার বিষয়েও আলোচনা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, সরকারের ভেতরে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনের বিষয়টি জোরালোভাবে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
এ অবস্থায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। সরকারের দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই একজন মন্ত্রীর পদত্যাগ রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
দীপেন দেওয়ানের পদত্যাগের পেছনে কেবল স্বাস্থ্যগত কারণ রয়েছে, নাকি অন্য কোনো বিষয়ও জড়িত-তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে তার পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে রাঙামাটিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি ও সড়ক অবরোধ পালন করেছেন।
বর্তমানে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।
ভিওডি বাংলা/জা







