চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়কারী প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১ জুন) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলছে। এ সুযোগে দেশের বিভিন্ন এলাকায় কিছু প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে এনবিআর জানতে পেরেছে।
এনবিআরের মতে, এসব চক্রের মূল উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থীদের প্রতারণার ফাঁদে ফেলা। যেসব প্রার্থী স্বাভাবিক নিয়মে নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের কাছ থেকে অর্থ আদায় করে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা দাবি করা হচ্ছে। অন্যদিকে, যারা চাকরি পাবেন না, তাদের কেউ কেউ অর্থ ফেরত পেতে পারেন। তবে যোগ্যতায় চাকরি পাওয়া প্রার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ প্রতারকরা আত্মসাৎ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সরকারি কর্ম কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে।
চাকরি দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো প্রতারক চক্রের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর কমিশনার কার্যালয় অথবা এনবিআরের জনসংযোগ কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে চাকরিপ্রার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।
ভিওডি বাংলা/আ







