ঈদের আনন্দে সবাই যখন ব্যস্ত, তখনো সীমান্তে অতন্দ্র প্রহরায় ৫৫ বিজিবি

দেশজুড়ে বইছে পবিত্র ঈদের আনন্দ। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে উৎসবের আমেজে মেতে উঠেছেন সাধারণ মানুষ। কিন্তু এই আনন্দের দিনেও ঘরের কোণে ফেরার সুযোগ নেই দেশের সীমান্ত রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের। যখন সবাই ঈদের আনন্দে ব্যস্ত, তখনো দেশের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা।
ঈদের ছুটি
খোঁজ নিয়ে জানা গেছে, সীমিত পরিসরে কিছু সংখ্যক বিজিবি সদস্য ঈদের ছুটি পেয়ে পরিবারের কাছে যাওয়ার সুযোগ পেলেও, অধিকাংশ সদস্যকেই রয়ে যেতে হয়েছে কর্মস্থলে। দেশের স্বার্থে সীমান্তকে নিরাপদ রাখাই এখন তাদের মূল উৎসব।
তেমনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন হবিগঞ্জ ৫৫ বিজিবি-এর সদস্যরা। ঈদের দিনও তাদের বিন্দুমাত্র বিশ্রামের সুযোগ নেই। হবিগঞ্জের সীমান্ত এলাকাগুলো দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান না ঘটতে পারে, সেজন্য তীব্র রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত টহল দিয়ে যাচ্ছেন তারা।
সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের সঙ্গে ঈদ করার ইচ্ছা সবারই থাকে। কিন্তু দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি নিশ্চিত করার দায়িত্ব তাদের কাঁধে সবার আগে। তাই সীমান্ত পাহারা দেওয়ার মাঝেই তারা খুঁজে নেন ঈদের আনন্দ।
ঈদের দিনেও ঘরের মায়া ত্যাগ করে সীমান্তে বিজিবি সদস্যদের এই নিরলস ও পেশাদার ডিউটি স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। দেশের জন্য তাদের এই ত্যাগই প্রমাণ করে—"সীমান্তের অতন্দ্র প্রহরী" হিসেবে বিজিবি সত্যিই অনন্য।
ভিওডি বাংলা/এসআর







