ঈদুল আজহার মূল বার্তা: আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসা ও আনুগত্য

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।”
একই সঙ্গে তিনি সকলের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যার মূল শিক্ষা হলো ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, ঈদুল আজহা যেন সবার জীবনকে আনন্দময় করে তোলে।
বিএনপি মহাসচিব বলেন, ঈদুল আজহার তাৎপর্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। কোরবানির মহিমান্বিত শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই হওয়া উচিত জীবনের লক্ষ্য।
তিনি আরও বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের এই উৎসব মুসলমানদের আল্লাহর প্রতি নিবেদিত হওয়ার প্রেরণা জোগায়।
মির্জা ফখরুল বলেন, প্রতিটি উৎসবই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য ও উদারতা বাড়ায় এবং মানবজাতিকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ঈদুল আজহার এই ত্যাগের উৎসব সমাজে সাম্য, উদারতা ও পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার করে।
তিনি আহ্বান জানিয়ে বলেন, কায়েমি স্বার্থ পরিহার করে ঈদের আনন্দ, ত্যাগ ও উৎসবের দিনে অসহায় ও দরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, ঈদুল আজহা সবার জীবনকে আনন্দময় করে তুলুক।
ভিওডি বাংলা/এমএস







