নৌযান চলে তিন লাখ, নিবন্ধিত মাত্র ২৩ হাজার: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, প্রতিটি নৌযানের রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি কোনও নৌযানের রেজিস্ট্রেশন না থাকে, সেটিকে মনিটরিং করা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়।
বুধবার (২৭ মে) বরিশাল নদীবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নৌ প্রতিমন্ত্রী বলেন, আমাদের ২৩ হাজার রেজিস্ট্রার্ড যানবাহন আছে। নৌযান চলাচল করে আড়াই থেকে তিন লাখ। এরই মধ্যে আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি, কাজও চলছে। নৌযান নীতিমালা আছে। যারা এই নৌযান পরিচালনা করতে চায় তাদের সরকারের নীতিমালার মধ্যে আসতে হবে, রেজিস্ট্রেশনের মধ্যে থাকতে হবে।
তিনি আরও বলেন, নৌযান রেজিস্ট্রেশনের কর্মপরিধি বেশ বড়। আমরা অনেকখানি কাজ এগিয়ে নিয়েছি। সহজ কথা হলো প্রতিটি নৌযানের রেজিস্ট্রেশন থাকতে হবে। তাকে সরকারি যে বিধিমালা আছে তার আয়তন ও ইঞ্জিনের ক্যাপাসিটির ওপর যে বিধিমালা আছে, তা মেনে তাকে নৌযান পরিচালনা করতে হবে।
রাজিব আহসান বলেন, কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। এখন আমাদের মূল চ্যালেঞ্জ হলো ঘরে আসা মানুষদের কর্মস্থলে নিরাপদে পৌঁছে দেওয়া। সবাই মিলে আমরা চেষ্টা করছি মানুষের প্রত্যাশা পূরণের জন্য। কোথাও কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বিআইডব্লিউটিএ’সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এফএ






