ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে না ইরান

উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে হস্তান্তর করবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, এ ধরনের কোনো সমঝোতা এখনো হয়নি এবং এটি চলমান আলোচনার অংশও নয়।
রোববার (২৪ মে) রয়টার্সকে একজন ঊর্ধ্বতন ইরানি সূত্র এ তথ্য জানিয়েছে।
ইরানি সূত্রের দাবি, তেহরানের কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানোর প্রশ্নে সরকার আপসহীন অবস্থানে রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন পরমাণু চুক্তির আলোচনাতেও এই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরাসরি ইউরেনিয়াম ত্যাগে সম্মত না হলেও ভবিষ্যৎ আলোচনার মাধ্যমে বিষয়টি নির্ধারণে আগ্রহ দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর এ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ঘটনায় দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় বহু মানুষের প্রাণহানির পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়।
পরে পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালায় তেহরান। এতে পুরো অঞ্চলে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কয়েক সপ্তাহের সংঘাতের পর দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়।
যুদ্ধবিরতির পর পাকিস্তানের মধ্যস্থতায় একাধিক দফা আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তেহরান ও ওয়াশিংটন। তবে উভয় দেশই কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
ভিওডি বাংলা/জা







