সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‘সচেতন জনতা সৈয়দপুর’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, উত্তরবঙ্গের আকাশপথ যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সৈয়দপুর বিমানবন্দরের গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা সময়ের দাবি।

মানববন্ধনে বক্তব্য দেন- সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ রশিদুল হক সরকার, প্রভাষক শিউলি আক্তার, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, শ্রমিক নেতা আকরাম সিদ্দিকী চুন্নু, যুব নেতা তারিকুল ইসলাম ও রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা আখতারুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা দাবি করেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করা হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এছাড়া বিদেশগামী যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং দেশের উত্তরাঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তারা আরও বলেন, সৈয়দপুর ভৌগোলিক ও যোগাযোগগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ফলে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য এটি সবচেয়ে উপযোগী স্থান। সরকারের পক্ষ থেকে আগেই এ বিষয়ে আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
বক্তারা জানান, তারা অন্য জেলায় বিমানবন্দর নির্মাণের বিরোধী নন। তবে দীর্ঘদিনের দাবি ও বাস্তবতার ভিত্তিতে আগে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া উচিত। দাবি বাস্তবায়নে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী। সঞ্চালনা করেন যুব নেতা সুলতান। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/মো. মাইনুল হক/জা







