• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদ: মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি, থাকছে বিশেষ মনিটরিং সেল

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০৩:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা, পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং চাঁদাবাজি-নাশকতা ঠেকাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট থেকে শুরু করে শপিংমলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

সম্প্রতি সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জননিরাপত্তা ও নির্বিঘ্ন ঈদ উদযাপন নিশ্চিত করতে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি।’

মন্ত্রী আরও জানান, পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে, যা ঈদের আগে সাত দিন এবং ঈদের পর সাত দিন কার্যকর থাকবে। পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি এবং অন্যান্য সংস্থার জরুরি হটলাইনও চালু রাখা হবে।

পশুর হাটে নিরাপত্তা জোরদার, জাল টাকা প্রতিরোধ এবং অনলাইন প্রতারণা ঠেকাতে বিশেষ নজরদারির কথাও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা, চুরি, ছিনতাই, ডাকাতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ সদর দপ্তর, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, গোয়েন্দা সংস্থা, হাইওয়ে পুলিশ, মহানগর পুলিশ ও জেলা প্রশাসনকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ঈদ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাইবার মনিটরিং টিমও প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মোসলেহ উদ্দিন আহমদ জানান, পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তা চৌকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি রাজধানীর পশুর হাটগুলোতে ডিএমপির পক্ষ থেকে ১৫০টি জাল নোট শনাক্তকরণ যন্ত্র সরবরাহ করা হবে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন চালু করা হয়েছে। এছাড়া গত ৩০ এপ্রিল থেকে সারাদেশে চাঁদাবাজি, মাদক পাচার, সশস্ত্র গ্যাং ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

ডিএমপির পক্ষ থেকেও রাজধানীতে মোবাইল টিম, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

নদীপথের নিরাপত্তা নিশ্চিতে নৌপুলিশ অতিরিক্ত টহল দেবে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন ও ত্রুটিপূর্ণ লঞ্চ চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

অন্যদিকে বিজিবি জানিয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে নিউ মার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তায় তাদের সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তাও করবে বিজিবি।

ভিওডি বংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল একক ধর্ম বা সম্প্রদায়ের কবি নন, তিনি সর্বজনীন: আবদুস সালাম
নজরুল একক ধর্ম বা সম্প্রদায়ের কবি নন, তিনি সর্বজনীন: আবদুস সালাম
ঈদযাত্রায় ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেল সচিব
ঈদযাত্রায় ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেল সচিব
ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী