ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ক্লাবপাড়ার আমিরুল ইসলামের ছেলে জীবন হোসেন (১৮) ও মেহেরপুর শহরের খন্দকারপাড়ার হাফিজুর রহমানের ছেলে নয়ন হোসেন (১৮),
স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে জীবন ও নয়ন মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে বন্দর এলাকায় পৌঁছালে একটি যান ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







