বেগম খালেদা জিয়া সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত: স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন।
শুক্রবার (২২ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে 'ছবির গল্প' কর্তৃক প্রকাশিত বেগম খালেদা জিয়ার স্মৃতির স্মরণে 'দেশনেত্রী' শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বেগম খালেদা জিয়া আমার রাজনৈতিক অনুপ্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে কোটি মানুষের অশ্রুবিসর্জন প্রমাণ করেছে যে তিনি প্রকৃত অর্থেই জনমানুষের নেত্রী ছিলেন।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে স্পীকার বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা না করলে বাংলাদেশের জন্ম হতো কি না, তা নিয়ে সংশয় থেকে যায়। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁকে এই মহান ঘোষণা প্রদানে অনুপ্রেরণা যুগিয়েছিলেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন। জিয়া পরিবার না থাকলে বাংলাদেশ থাকতো কি না, সে বিষয়ে আমি সন্দিহান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশেরই প্রতিচ্ছবি।’
অনুষ্ঠানে 'ছবির গল্প'র পক্ষ থেকে 'বাংলাদেশের প্রাণ তারেক রহমান' শীর্ষক একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এর মাধ্যমে বিগত সরকারের ‘অপপ্রচারের’ জবাব দিয়ে তারেক রহমানের প্রকৃত সত্য তুলে ধরা হয়।
প্রকাশিত 'দেশনেত্রী' বর্ষপঞ্জিটিতে প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণকৃত ছবিতে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের ১২টি বিশেষ দিক ফুটিয়ে তোলা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ছবির গল্পের উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নুরসহ সংরক্ষিত আসনের সাংসদ আরিফা সুলতানা রুমা, সানজিদা তুলি, মাহমুদা হাবিবা সহ গণ্যমান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/সবুজ/আ







