• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নরসিংদী পৌরসভায় মিলছে মৃত্যুর পূর্বে ই মৃত্যু সনদ

নরসিংদী প্রতিনিধি    ২২ মে ২০২৬, ১১:২০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের প্রথম শ্রেণির পৌরসভাগুলোর অন্যতম নরসিংদী পৌরসভা। তবে নাগরিক সেবার মান, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে দিন দিন বাড়ছে জনঅসন্তোষ। পৌর এলাকার বিভিন্ন সড়কে খানাখন্দ, ভাঙাচোরা রাস্তা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নোংরা পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। 

এর মধ্যেই পৌরসভার বিভিন্ন দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সামনে আসায় নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে পৌরসভার সচিব মাহফুজুর রহমানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক দশক ধরে তিনি একই পৌরসভায় দায়িত্ব পালন করছেন। 

দীর্ঘ সময় একই কর্মস্থলে থাকার সুযোগে তিনি একটি প্রভাবশালী বলয় তৈরি করেছেন। অফিস চলাকালীন রাজনৈতিক নেতাদের সঙ্গে আড্ডা, তোষামোদ এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতার অভাব নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি মৃত্যু সনদ সংক্রান্ত একটি ঘটনায় নতুন করে আলোচনায় আসে পৌর প্রশাসন। 

আদালতের নথি অনুযায়ী, বকুল চন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তি হলফনামার মাধ্যমে দাবি করেন, তার পিতা হরিদাস চন্দ্র বিশ্বাস ২০০১ সালের ১ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মারা যান। ওই তথ্যের ভিত্তিতে নরসিংদী পৌরসভা মৃত্যু সনদ প্রদান করে।

পরবর্তীতে ৩ এপ্রিল তারিখে নরসিংদী পৌরসভার নপৌস/স্বাস্থ্য-১২/২০২৬/৭৯ নম্বর স্মারকে পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান মৃত ব্যক্তির মৃত্যু তারিখের সঠিকতা যাচাইয়ের জন্য আদালতে প্রতিবেদন চেয়ে আবেদন পাঠান।

বিষয়টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেশকাতুল ইসলামের আদালতে উপস্থাপিত হলে আদালত পর্যবেক্ষণে বলেন, হলফনামার বিষয়বস্তুর সত্যতা যাচাই আদালতের কাজ নয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ অনুযায়ী তথ্য যাচাই-বাছাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষের। 

পরে আদালত নরসিংদী পৌরসভাকে সঠিক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং ২৭ এপ্রিল ২০২৬ তারিখে লিখিত ব্যাখ্যাসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।

এ ঘটনায় পৌর প্রশাসনের দায়িত্বশীলতা ও নিবন্ধন কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে। অনেকেই অভিযোগ করছেন, যথাযথ যাচাই ছাড়া জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করা হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের জটিলতার সৃষ্টি করতে পারে।

এই বিষয়ে জানতে চাইলে পৌরসভার সচিব মাহফুজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবেন না। ফলে তার বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে পৌর প্রশাসক ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপসচিব নাদিরা আখতার বলেন, “বিষয়গুলো খতিয়ে দেখা হবে।”

পৌরবাসীর দাবি, নরসিংদী পৌরসভায় চলমান অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং নাগরিক সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক।

ভিওডি বাংলা/রেজাউল করিম রাফি/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা