সুনামগঞ্জে ৪৩ বোতল বিদেশি মদসহ যুবক আটক

সুনামগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৩ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সূত্রে জানা যায় যে, সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকার আব্দুর জহুর ব্রিজের পশ্চিম পাশে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল দ্রুত সেখানে অভিযান চালায়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে ওয়েজখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ সবুজ ও সাদা রঙের বোতলে ছিল বলে জানায় র্যাব।
আটক ব্যক্তির নাম মো. নূরজামাল (২৬)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মধ্য কাপনা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশি মদ সংগ্রহ করে তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
র্যাব আরও জানায়, জব্দকৃত মদ ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, র্যাব-৯ জানায়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় মাদক চক্র দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ভিওডি বাংলা/এম আর সজিব/জা







