• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ বিবেচনার আশ্বাস দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৭:৪৫ এ.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে ঢাকায় নিজেদের একটি স্থায়ী মিশন (দূতাবাস) স্থাপনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার ষষ্ঠ পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় (এফওসি) এই আশ্বাস দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পক্ষে যৌথভাবে সভাপতিত্ব করেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত উপ-মহাপরিচালক রাষ্ট্রদূত ডি ই ম্যালকমসন।

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, এই বছর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩২তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। কোভিড-১৯ মহামারিসহ নানা কারণে গত ছয় বছর ধরে দুই দেশের নিয়মিত কূটনৈতিক আলোচনায় যে বিরতি ছিল, বৈঠকে উভয় পক্ষ তা নিয়ে আক্ষেপ প্রকাশ করে।

২০১৯ সালের সেপ্টেম্বরে ঢাকায় সর্বশেষ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বাণিজ্য ও বিনিয়োগে জোর
উভয় দেশই দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ব্যাপক সম্প্রসারণকে স্বাগত জানিয়েছে। বাণিজ্য বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। বাংলাদেশে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠাতে বা একটি অনুসন্ধানমূলক মিশন পরিচালনার জন্য দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

ক্রিকেট কূটনীতি এবং শিক্ষাবৃত্তি
বৈঠকে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। তরুণ বাংলাদেশি ক্রিকেটারদের জন্য দক্ষিণ আফ্রিকার বৃত্তির প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশ। এছাড়া, উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে দক্ষিণ আফ্রিকার সুনামকে কাজে লাগাতে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আরও বেশি শিক্ষাবৃত্তি দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকাকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। কৃষি, প্রতিরক্ষা, পরিবহন এবং শিক্ষা খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক ফোরাম ও ব্লু-ইকোনমি
বহুপাক্ষিক ফোরামে অংশীদারিত্ব গড়ে তোলা এবং বিশেষ করে 'গ্লোবাল সাউথ'-এর এজেন্ডাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে। ভারত মহাসাগরীয় বলয় সমিতির (আইওআরএ) সদস্য হিসেবে দেশ দুটি ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতির উন্নয়নে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরে।

বৈঠক শেষে বর্তমানে বিবেচনাধীন থাকা বিভিন্ন খসড়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলো (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে, আগামী ২০২৭ সালে সপ্তম এফওসি ঢাকায় অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে পরবর্তীতে এর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগম খালেদা জিয়া সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত: স্পীকার
বেগম খালেদা জিয়া সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত: স্পীকার
পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার
১৩ সিটি করপোরেশন পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ঈদযাত্রা: ট্রেনের ছাদে উঠতে পারবেন না যাত্রীরা
ঈদযাত্রা: ট্রেনের ছাদে উঠতে পারবেন না যাত্রীরা