• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যত্রতত্র কোরবানির হাট বন্ধ ও বর্জ্য অপসারণের দাবি বাপার

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৪:১৬ পি.এম.
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি-ভিওডি বাংলা

যত্রতত্র বা সড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো সম্পূর্ণভাবে বন্ধ এবং ঘোষিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ নিশ্চিত করার দাবিতে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বুধবার (২০ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সমাবেশে পরিবেশবাদী সংগঠনটির নেতারা বলেন, ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে পশুর হাট ব্যবস্থাপনা ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় এখনও গুরুতর ঘাটতি রয়েছে, যা নগরজীবন ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়।

নগরজীবনে চাপ ও অনিয়ন্ত্রিত হাটের সমস্যা
বাপার বক্তব্যে বলা হয়, ঢাকা মহানগরীতে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে অস্থায়ী পশুর হাট বসানো হলেও অনির্ধারিত স্থান, সড়ক ও মহাসড়কের পাশে গড়ে ওঠা হাটগুলো পর্যাপ্ত ব্যবস্থাপনার বাইরে থেকে যায়। এতে ঈদের সময় নগরীতে যানজট, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।

সংগঠনটি জানায়, ঈদের পর অন্তত ১০ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পশুর বর্জ্য ও উচ্ছিষ্টে পরিবেশ দূষণ সৃষ্টি হয়, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।

সমাবেশে জানানো হয়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীতে মোট ২৭টি পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৬টি হাট রয়েছে।

এছাড়া সারাদেশে ৩ হাজার ৬০০-এর বেশি পশুর হাট বসানোর পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করা হয়। চলতি বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখের বেশি এবং চাহিদা রয়েছে প্রায় ১ কোটি ১ লাখ।

বক্তারা আরও বলেন, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত না হলে অনেক সময় তা রাস্তাঘাট, খাল-বিল বা ময়লার স্তূপে পড়ে থেকে পরিবেশ দূষণ ও দুর্গন্ধ সৃষ্টি করে। এ পরিস্থিতি এড়াতে চামড়া সিন্ডিকেট ভেঙে বাজার স্থিতিশীল করার দাবি জানানো হয়।

বাপার উত্থাপিত প্রধান দাবিসমূহ
সমাবেশ থেকে ১০ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. যত্রতত্র পশুর হাট সম্পূর্ণ বন্ধ করে নির্ধারিত স্থানে সীমাবদ্ধ করা।

২. পশুর হাটের বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করা।

৩. এলাকাভিত্তিক নির্ধারিত স্থানে কোরবানির ব্যবস্থা চালু করা।

৪. কোরবানির পর ৮ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ নিশ্চিত করা।

৫. বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ পর্যাপ্তভাবে সরবরাহ করা।

৬. পাড়া-মহল্লাভিত্তিক স্থায়ী কোরবানি কেন্দ্র স্থাপন করা।

৭. খোলা জায়গা, নদী, খাল, ড্রেন ও সড়কে বর্জ্য ফেলা বন্ধ করা।

৮. নাগরিক অভিযোগ নিষ্পত্তিতে হটলাইন ও জরুরি সেবা কেন্দ্র চালু করা।

৯. মাঠপর্যায়ে সিটি কর্পোরেশন ও পৌরসভার তদারকি জোরদার করা।

১০. সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় ও সংরক্ষণ নিশ্চিত করা।

বাপা নেতারা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ বাস্তবায়ন করতে হলে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও কঠোর ভূমিকা প্রয়োজন।

নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি স্থায়ী অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ বছরও বাংলা ভাষায় প্রচার হবে হজের খুতবা
এ বছরও বাংলা ভাষায় প্রচার হবে হজের খুতবা
দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু