‘রাগ করলা?’-ভাইরাল ট্রেন্ডে জনসচেতনতার বার্তা দিল ডিএসসিসি

কখনো কখনো একটি সাধারণ বাক্যই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করে দেয় বিশাল আলোচনার ঝড়। ঠিক তেমনই একটি ডায়লগ-“রাগ করলা?”-এখন নেটিজেনদের টাইমলাইন দখল করে নিয়েছে, তৈরি করেছে অসংখ্য মিম আর হাস্যরসের ঢেউ। এই ভাইরাল ট্রেন্ডকে এবার সৃজনশীলভাবে কাজে লাগিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জনসচেতনতার বার্তা ছড়াতে তারা জনপ্রিয় এই ডায়লগকেই বেছে নিয়েছে নতুনভাবে।
সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখা হয়- “আর খালে ময়লা ফেলবা না, ওকে?” এরপরই আসে সেই চেনা লাইন- “রাগ করলা?”
সৃজনশীল এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে ডিএসসিসি। অনেকেই এটিকে সময়োপযোগী ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ হিসেবে প্রশংসা করছেন।
মূলত একটি ভাইরাল ভিডিও থেকেই এই ডায়লগের উত্থান। রোববার (১৭ মে) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ত সড়কের পাশে এক যুবকের সঙ্গে কথা বলছেন এক গণক। কথার প্রতিটি বাক্যের শেষে তিনি বারবার বলেন-“রাগ করলা?”। এই অদ্ভুত ও মজার অভিব্যক্তিই মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে।
এরপর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মিমের বন্যা। কেউ এই গণককে অফিসের বসের সঙ্গে তুলনা করছেন, কেউ আবার শিক্ষকের চরিত্রে কল্পনা করছেন।
এভাবেই একটি সাধারণ কথোপকথনের মুহূর্ত এখন পরিণত হয়েছে অনলাইন ট্রেন্ডে, আর সেই ট্রেন্ডকেই কাজে লাগিয়ে জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে ডিএসসিসি।
ভিওডি বাংলা/জা







