• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ১১:২০ এ.এম.
মিন্টু শেখ ওরফে মিঠু শেখ। প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫)। হামলার সময় দুর্বৃত্তরা তার ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ভয়াবহ ঘটনা ঘটে। নিহত মিঠু শেখ ওই এলাকার ওহেদ শেখের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতোই বিকেলে বাড়ির পাশের একটি কলাক্ষেতে কাজ করছিলেন মিঠু শেখ। কাজ শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন চিকিৎসকরা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, হামলাকারীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নৃশংসতা প্রদর্শনের অংশ হিসেবে তার ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায়।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, নিহত মিঠু শেখ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তিনি অতীতের একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, কয়েক বছর আগে মিঠুর চাচাতো ভাইকেও হত্যা করা হয়েছিল।

এদিকে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হতে পারে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাদুকাটা বালুমহালে যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের অনুমতি
যাদুকাটা বালুমহালে যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের অনুমতি
বইপড়ার নতুন জাগরণ, বুক রিভিউ প্রতিযোগিতার ফল প্রকাশ
বইপড়ার নতুন জাগরণ, বুক রিভিউ প্রতিযোগিতার ফল প্রকাশ
ভেজাল দুধ তৈরির দায়ে একজনের কারাদণ্ড
ভেজাল দুধ তৈরির দায়ে একজনের কারাদণ্ড