• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারতীয় পণ্যবাহী ট্রেনে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

যশোর প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ১০:৩৪ এ.এম.
বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া নিষিদ্ধ সিরাপ। ছবি: সংগৃহীত

ভারত থেকে আসা  যশোরের বেনাপোল রেলস্টেশনে একটি পণ্যবাহী ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া চালানে মোট ৩২০ বোতল ‘এস্কাফ’ সিরাপ পাওয়া গেছে, যা কোডিন ফসফেট মিশ্রিত হওয়ায় মাদক হিসেবে অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা বাংলাদেশ রেলওয়ে পুলিশের সহযোগিতায় বেনাপোল রেলস্টেশনে এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটিতে তল্লাশি চালিয়ে একটি বগির নিচে ইঞ্জিনের সঙ্গে বিশেষভাবে বাঁধা অবস্থায় সিরাপগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের জন্য সম্প্রতি রেলপথকে ব্যবহার করছে একটি সংঘবদ্ধ চক্র। বিশেষ করে কোডিনযুক্ত কাশির সিরাপ বিভিন্ন সময় কৌশলে দেশে প্রবেশ করানো হচ্ছে। ভারতে ‘এস্কাফ’ সিরাপ কাশির ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও নেশাজাতীয় দ্রব্য হিসেবে অপব্যবহারের কারণে দেশটিতে এর ব্যবহার ও সরবরাহের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরেই মাদক পাচারকারীরা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে নানা উপায়ে এসব নিষিদ্ধ দ্রব্য বাংলাদেশে আনার চেষ্টা করছে। 

কখনও যাত্রীবাহী বাস, কখনও পণ্যবাহী যানবাহন আবার কখনও ট্রেনের বিভিন্ন অংশে বিশেষভাবে লুকিয়ে মাদক আনা হচ্ছে। সর্বশেষ অভিযানে উদ্ধার হওয়া চালানটিও অত্যন্ত কৌশলে ইঞ্জিনের নিচে স্থাপন করা হয়েছিল বলে জানা গেছে।

এদিকে সীমান্ত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, কিছু অসাধু চক্র স্থলবন্দর ও রেলপথ ব্যবহার করে নিয়মিত মাদক পাচারের চেষ্টা করছে, যা বৈধ বাণিজ্য কার্যক্রমের জন্যও হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তিনি সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আইনাল হোসেন বলেন, বিজিবি ও রেল পুলিশের সমন্বিত অভিযানে এই সিরাপ উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে পণ্যবাহী ট্রেনে আরও কঠোর নজরদারি চালানো হবে বলেও জানান তিনি। একই সঙ্গে এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/জা  
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইপড়ার নতুন জাগরণ, বুক রিভিউ প্রতিযোগিতার ফল প্রকাশ
বইপড়ার নতুন জাগরণ, বুক রিভিউ প্রতিযোগিতার ফল প্রকাশ
ভেজাল দুধ তৈরির দায়ে একজনের কারাদণ্ড
ভেজাল দুধ তৈরির দায়ে একজনের কারাদণ্ড
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪