তনু হত্যা
ডিএনএ পরীক্ষায় মিলেছে ৩ জনের শুক্রাণু, একজনের রক্ত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন তথ্য সামনে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে তিন পুরুষের শুক্রাণুর পাশাপাশি আরও একজনের রক্তের অস্তিত্ব পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (১৭ মে) রাত ১০টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েক মাস আগে সিআইডির কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে তনুর পোশাক থেকে পাওয়া নমুনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। পরে জানানো হয়, সেখানে তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি আরও একজনের রক্তের নমুনা পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তা বলেন, “২০১৭ সালে তিনজনের তথ্য সামনে এলেও এখন নতুন করে আরও একজনের তথ্য পাওয়া গেছে। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে কাজ চলছে।”
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটি ডিবি ও সিআইডিতে হস্তান্তর করা হয়। পরবর্তীতে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটির তদন্তভার পিবিআই সদর দপ্তরে দেওয়া হয়।
বর্তমানে মামলাটির তদন্ত করছেন পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম।
ভিওডি বাংলা/আ







