সৌর বিদ্যুৎ উৎপাদনে সরকারি জমি লিজ দেওয়া হবে: বিডা চেয়ারম্যান

সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর পক্ষে মত দিয়েছেন বেজা, বিডা ও পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।
রোববার (১৭ মে) ‘বিদ্যুৎ খাত থেকে আসা অর্থনৈতিক বোঝা: সংকট উত্তরণের নীতি পরামর্শ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীতে আয়োজিত এ সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
আশিক চৌধুরী বলেন, যাদের সামর্থ্য নেই কেবল তাদেরই ভর্তুকি পাওয়া উচিত। বর্তমানে যে পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে, তা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে বহন করা সম্ভব নয়।
তিনি বলেন, ছাদভিত্তিক সৌর বিদ্যুতের জন্য নেট মিটারিং নীতিমালা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত জটিল। উদাহরণ তুলে ধরে তিনি জানান, একজন ব্যক্তি নেট মিটার বসানোর জন্য দেড় বছর চেষ্টা করেছেন। তার মতে, এ প্রক্রিয়া আরও সহজ হওয়া উচিত।
তিনি বলেন, বাড়ির মালিকরা শুধু হটলাইনে ফোন করে সৌর বিদ্যুৎ স্থাপনের আগ্রহ জানাবেন, এরপর ঠিকাদার এসে সেটি স্থাপন করে দেবেন— এমন ব্যবস্থা করা প্রয়োজন। এতে গ্রাহক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উভয়েই লাভবান হবে।
বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জ প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, বিশ্বের প্রায় সব দেশেই এ ধরনের চার্জ রয়েছে। তবে বাংলাদেশে এটি এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যা দেশের সক্ষমতার বাইরে চলে গেছে।
ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেল সংকটের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের জন্য সৌর বিদ্যুৎই সবচেয়ে কার্যকর বিকল্প। তার ভাষায়, সৌর বিদ্যুতের উৎপাদন ব্যয় সবচেয়ে কম এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
ভিওডি বাংলা/আ







