কারিনা কায়সারের মরদেহ দেশে আসছে কাল

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামী রোববার দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, ভারতের চেন্নাই থেকে দুপুরের দিকে কারিনার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে পৌঁছানোর পর বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও ব্যতিক্রমধর্মী কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা। পরে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য রচনাতেও যুক্ত ছিলেন তিনি।
তার অভিনীত ও আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। সহকর্মীরা বলছেন, অল্প সময়েই নিজের স্বতন্ত্র উপস্থিতি তৈরি করেছিলেন কারিনা কায়সার।
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন নির্মাতা, অভিনয়শিল্পী ও ভক্তরা। অনেকেই তাকে প্রাণবন্ত ও পরিশ্রমী একজন শিল্পী হিসেবে স্মরণ করছেন।
ভিওডি বাংলা/জা







