শাকিব খানের সিনেমায় ভারতের সুনিধি

ঈদুল আজহার সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি রকস্টার। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর তার বড় কারণ শাকিব খান। সিনেমার পোস্টার, অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়ে যায়। সম্প্রতি প্রকাশিত প্রথম গান ‘পিরিতি’ যেন সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে।
পরিচালক আজমান রুশো জানিয়েছেন, ইতোমধ্যে ‘রকস্টার’এর শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহেই সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া থাকছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ‘পিরিতি’ গানে দেখা গেছে সংগীতশিল্পী পান্থ কানাই–কেও। শোনা যাচ্ছে, সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রেও দেখা যাবে তাকে।
এরই মধ্যে যোগ হয়েছে নতুন চমক। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক। দুই বাংলার সংগীত প্রেমীদের কাছে তিনি পরিচিত এক নাম। পাশাপাশি তিনি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব–এর স্ত্রী হিসেবেও পরিচিত।
জানা গেছে, ‘রকস্টার’এর শেষ দিকের শুটিংয়ে অংশ নিয়েছেন সুনিধি। বিষয়টি নিয়ে সুনিধি বলেন, ‘এ বিষয়ে সিনেমাটির পরিচালকই সব জানাবেন।’
পরে নির্মাতা আজমান রুশোও বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে ইঙ্গিত দিয়েছেন বড় চমকের।
‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সাথে’ কিংবা ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’র মতো গানের মাধ্যমে দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবে পরিচিতি পাওয়া সুনিধি নায়েক। শাস্ত্রীয় সংগীতেও রয়েছে তার সমান দক্ষতা।
ভারতের আসানসোলে জন্ম নেওয়া সুনিধির বেড়ে ওঠা শান্তিনিকেতনের সাংস্কৃতিক আবহে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ২০২০ সালের শেষদিকে অর্ণবকে বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। বর্তমানে কোক স্টুডিও বাংলাসহ বিভিন্ন আয়োজন ও কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন এই শিল্পী।
ভিওডি বাংলা/এফএ







