• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চামড়াশিল্প হবে বিলিয়ন ডলার রপ্তানি আয়ের খাত: শিল্পমন্ত্রী

   ১৫ মে ২০২৬, ১০:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চামড়াশিল্পকে বিলিয়ন ডলার রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘বাংলাদেশের চামড়া খাতের বিদ্যমান দুর্বলতাগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং এই শিল্পের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিকবার ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

শুক্রবার (১৫ মে) দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়াম হলে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী মেলায় তিনি এসব কথা বলেন।

সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠান শেষে শিল্পমন্ত্রী বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এই খাতটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের জানান দেবে।’

সরকারের সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান সরকারের বয়স মাত্র আড়াই মাস এবং এই স্বল্প সময়ের মধ্যে বড় কোনো আমূল পরিবর্তন সম্ভব না হলেও দীর্ঘমেয়াদি সংস্কারের কাজ পুরোদমে চলছে।’

চামড়া শিল্পের উন্নয়নে জনসাধারণের কাছে কিছুটা সময় প্রার্থনা করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় পর্যায়ক্রমে এই খাতের উন্নতি দৃশ্যমান হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

শিল্প রক্ষায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘চামড়া দেশের একটি অমূল্য সম্পদ এবং এটি যেন কোনোভাবেই অপচয় বা নষ্ট না হয় সেদিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।’

সম্পদ সংরক্ষণে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সম্পদের সীমাবদ্ধতার মাঝে কোনো ধরনের অপচয় কাম্য নয়।’

বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করার বিষয়েও খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দেশের শিল্পখাতে বিশেষ করে বন্ধ কলকারখানাগুলোতে বিনিয়োগের ব্যাপারে চীন সরকার ও বিনিয়োগকারীরা গভীর আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমান সরকার এই শিল্পগুলোকে একটি সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসার কাজ করছে এবং খুব শিগগিরই কাজের অগ্রগতি সংক্রান্ত একটি প্রতিবেদন জনগণের সামনে তুলে ধরা হবে।’

কলকারখানাগুলো পুনরায় সচল করার মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে ১৫ বছরে বিদেশি ঋণের ৮০ শতাংশ নিয়েছে আ. লীগ সরকার
সাড়ে ১৫ বছরে বিদেশি ঋণের ৮০ শতাংশ নিয়েছে আ. লীগ সরকার
যে কারণে বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা
যে কারণে বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা
মে মাসের ১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা
মে মাসের ১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা