সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ হজযাত্রী, মৃত্যু ১৫

চলতি বছরের পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সেখানে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এতে মোট মৃত হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।
শনিবার (১৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত মোট ১৫০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৫টি, সৌদি এয়ারলাইনস ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে শুক্রবার (১৫ মে)। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. এ মজিদ (৭৫) মদিনায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরবে গিয়েছিলেন বলে জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ১৫ জন হজযাত্রীর মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় ইন্তেকাল করেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন বলে সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।
হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি হজ মৌসুমে আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে বলে জানানো হয়েছে।
এদিকে হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। নির্ধারিত সময় অনুযায়ী, ফিরতি যাত্রী পরিবহন কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রী পরিবহন ও ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
ভিওডি বাংলা/জা







