নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর শান্ত বণিকের (২২) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে বিছানাকান্দি পর্যটন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে গোসলে নেমে সে নিখোঁজ হয়।
নিহত শান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তবে সিলেট থেকে তাদের বাড়ি অনেক দূরে হওয়ায় তাদের আপাতত না আসতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। ডেথ সার্টিফিকেট পাওয়ার পর মরদেহ ক্যাম্পাসে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ঠাকুরগাঁওয়ে পরিবারের কাছে পাঠানো হবে।
ভিওডি বাংলা/বিন্দু







