• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-শিশুকন্যার

নিজস্ব প্রতিবেদক    ১৬ মে ২০২৬, ১২:৩৯ এ.এম.
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শিশুকন্যাকে উদ্ধার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ মে) রাত আটটার দিকে উপজেলার ভাটিয়ারী বিএমএ রেলগেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারিন আক্তার (৩২) এবং তার ২২ মাস বয়সী মেয়ে ইয়াসা। দুর্ঘটনায় নিহত তারিন আক্তারের স্বামী বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী ও শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে ভাটিয়ারী এলাকার বিজয় স্মরণী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি মেলা থেকে বাড়ি ফিরছিলেন তারিন আক্তার। পথে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় তার কোল থেকে মেয়ে ইয়াসা হঠাৎ সড়কে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে। 

এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তারিন আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইয়াসার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহত ও নিহতদের হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
জব্বার মোড়ের ছোট্ট দোকানে বড় এক স্বপ্নের গল্প
জব্বার মোড়ের ছোট্ট দোকানে বড় এক স্বপ্নের গল্প
ছাগল খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি
ছাগল খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি