মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার

যোগদানের মাত্র আট দিনের মাথায় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে আগামী শনিবারের (১৬ মে) মধ্যে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে পুলিশ হেডকোয়ার্টারে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৫ মে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। পরে তিনি গত ৮ মে নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ বিষয়ে জানতে মো. রিয়াজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা। তিনি জানান, এসপি মো. রিয়াজুল ইসলাম শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
ভিওডি বাংলা/বিন্দু







