• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হামজার কণ্ঠে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৮ মে ২০২৬, ০৮:২৬ পি.এম.
মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ম্যাচ উপভোগ করেন হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদদের বিকাশে সরকার ঘোষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন নিয়ে প্রশংসা করেছেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। 

শুক্রবার (৮ মে) রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত ক্রিকেট ম্যাচে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও তিনি।

চার দিনের ব্যক্তিগত সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন হামজা। ব্যস্ত সূচির মাঝেও নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহ দিতে এই আয়োজনে যোগ দেন বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। তাকে কাছ থেকে এক নজর দেখতে দুপুরের পর থেকেই মাঠে ভিড় করতে থাকেন সমর্থকরা। শুধু দর্শকই নয়, বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেও পুরো ভেন্যু ছিল সরগরম।

আয়োজকদের বেশ বেগ পেতে হয় দর্শকদের সামাল দিতে। একপর্যায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসতে দেখা যায়। মঞ্চ এলাকায়ও ছিল উপচে পড়া ভিড়। আয়োজকদের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও উৎসুক ভক্তদের উচ্ছ্বাস কমেনি।

সংক্ষিপ্ত বক্তব্যে হামজা আয়োজনটির প্রশংসা করে বলেন, “সবাইকে সালাম। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর একটি উদ্যোগের অংশ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ। 

তিনি অসাধারণ একটি কাজ শুরু করেছেন। এই উদ্যোগ আগামী দিনের তারকাদের অনুপ্রাণিত করবে।”

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও হামজার উপস্থিতিকে তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ব্যস্ত সময়ের মধ্যেও হামজা তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিতে এখানে এসেছেন। আমরা চাই ফুটবল, ক্রিকেট, দাবাসহ বিভিন্ন খেলায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ উঠে আসুক। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।”

বক্তব্য শেষে হামজা ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে থাকা ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে কিছু সময় খেলা উপভোগ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এই ফুটবলার। জানা গেছে, শনিবার সকালে তার ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লড়াইয়ে জমে উঠছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
লড়াইয়ে জমে উঠছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড
ঘানার রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ ইংল্যান্ড
‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো
‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো