ইরানের পারমাণবিক কর্মসূচিতে চীনের সমর্থন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারে ইরানের অধিকারকে সমর্থন করেছে চীন।
বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন কথা বলেন। যুদ্ধ শুরুর পর এই প্রথম দু’দেশের শীর্ষ কূটনীতিকদের সরাসরি বৈঠক হলো।
হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো আহ্বানে দ্রুত সাড়া দিয়ে নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা উচিত।
তিনি বলেন, চীন মনে করে দ্রুত পূর্ণ যুদ্ধবিরতি জরুরি, এবং আবার যুদ্ধ শুরু হওয়া আরও অনাকাঙ্ক্ষিত।
একই সঙ্গে তিনি জানান, চীন ইরানের এই প্রতিশ্রুতিকে মূল্যায়ন করে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে বলেও চীন মনে করে।
এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিগগির বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







