• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের খবর রাখেন, নিজেরটা নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০১:৩৭ পি.এম.
রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বক্তব্য দিয়েছেন ডা. শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা
রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বক্তব্য দিয়েছেন ডা. শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা

রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও বিএনপিকে ঘিরে একাধিক বিষয়ে কড়া বক্তব্য দিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

তার দাবি, দেশের সার্বিক পরিস্থিতিতে জনগণ সরকারের কর্মকাণ্ডে হতাশ।  

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, দেশে ধর্ষণ, হত্যা ও বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মানুষ সরকারের কর্মকাণ্ডে হতাশ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, "আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন। তার নিজের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি হচ্ছে। আমাদের বাংলাদেশ বিপুল প্রত্যাশা নিয়ে ২ বার স্বাধীন হয়েছে। ৪৭ সালে একবার আবার ১৯৭১ সালে। কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিলো তারা মানুষের প্রত্যাশার পারদকে ধ্বংস করে দিলো। মানুষের জানমালের কোন নিরাপত্তা নাই। অহরহ এই ঘটনা দেখছি।"

গণভোট ও সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, "এদেশের মানুষ বড় আশায় বুক বেঁধেছিলো। এত মানুষের ত্যাগের বিনিময়ে একটা পরিবর্তন হলো। দেশে সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি ভোটের মূল্যায়ন হলো। আরেকটির হয়নি। শাসনের যে ধারায় অতীতের শাসকদের ফ্যাসিবাদী করে তুলেছিলো এবার জনগণ চেয়েছিল সে ধারার পরিবর্তন।"

তিনি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে জনগণ ফ্যাসিবাদী শাসনধারার পরিবর্তন প্রত্যাশা করলেও ক্ষমতাসীনরা তা বাস্তবায়ন হতে দেয়নি। একই সঙ্গে স্বাধীনতার পর থেকে দায়িত্বে থাকা সরকারগুলোও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, "একই দিনে দুটি ভোট হলেও ক্ষমতার জন্য একটি ভোট মেনে নেয়া হয়েছে, কিন্তু সংস্কারের প্রশ্নে গণভোট মেনে নেয়া হয়নি।" তিনি অভিযোগ করেন, সংস্কারের বিষয়ে জনগণের দেওয়া রায় সরকার অগ্রাহ্য করেছে।

বক্তব্যের একপর্যায়ে বিএনপিরও সমালোচনা করেন জামায়াতের আমির। তিনি বলেন, "ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বিএনপি।"

ভিওডি বাংলা/এমএস/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের ওপর হামলা: চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত
ছবি: সংগৃহীত
আইসিএপিপির সভায় যোগ দিতে ঢাকা ছাড়ল বিএনপির প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির