বাবার সামনে থেকে অপহৃত সেই মেয়ে উদ্ধার

রাজধানীর উত্তরা এলাকায় বাবার সামনে থেকে অপহৃত উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে ৯ দিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে ঘটনার মূলহোতা লামীন ইসলাম (১৯)কে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে পূবাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। লামীন কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। পথে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন জোরপূর্বক তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে লামীনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভিওডি বাংলা/আ







