আজ শুরু এইচএসসি, পরীক্ষায় বসছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। একই সঙ্গে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ থাকবে।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে ছাত্র রয়েছে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। দেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে এবার বাড়ানো হয়েছে কড়াকড়ি। কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, কক্ষ ব্যবস্থাপনা ও পরীক্ষার্থী প্রবেশে দেওয়া হয়েছে বিস্তারিত নির্দেশনা। একই সঙ্গে ডিজিটাল নজরদারিও বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন। তবে কোনো কক্ষে দুইজনের কম পরিদর্শক রাখা যাবে না। পরীক্ষার্থীদের বসার ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে বিশেষ নিয়ম। ৫ বাই ৬ ফুট বেঞ্চে দুইজন এবং ৪ ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।
বিশেষ পরিস্থিতিতে কেউ দেরিতে এলে তার তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া যাবে বলেও জানানো হয়েছে।
এ ছাড়া সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নম্বর এবং ডিভিআর বা এনভিআর সংযোগসংক্রান্ত তথ্য শিক্ষা বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য