চ্যাম্পিয়নস ট্রফি
সবার ওপরে ভারত, নিচে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের আয়োজনে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ১৯৯৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। জয়ের দিক দিয়েও এক ও দুই নম্বরে আছে এই দুই দল। অন্যদিকে, এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে এমন দলের মধ্যে জয়ের সংখ্যায় সবার নিচে বাংলাদেশ।
১৯৯৮ সালে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী আসরেই শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। দুই বছর পরে হওয়া টুর্নামেন্ট জিতে নেয় নিউজিল্যান্ড। তার দুই বছর পর হওয়া আসরে যৌথভাবে ভারত ও শ্রীলংকা শিরোপা ভাগ করে নেয়। ২০০৪ সালে এই শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া জেতে ২০০৬ সালে। ২০০৯ সালে হওয়া পরের আসরেও শিরোপা যায় অস্ট্রেলিয়ার ঘরে।
একসময় দুই বছর পরপর হওয়া টুর্নামেন্টটি ২০০৯ সালের ৪ বছর পর হয়। সেবার এককভাবে শিরোপা জেতে ভারত। এরপর সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে বসা আসরটিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
এবারের টুর্নামেন্টে ভারত ও অস্ট্রেলিয়া আছে তৃতীয় শিরোপা খোঁজে। তবে জয়ের শতাংশে অস্ট্রেলিয়ার চেয়েও ভারত আগানো। এখনো পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতে ২৯টি ম্যাচ খেলে ১৮টিতে জিতেছে তারা। অর্থাৎ, তাদের জয়ের শতাংশ ৬৯.২। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ৬০ শতাংশ ম্যাচ জিতেছে।
চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের খেলা ২৩ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ১১ ম্যাচে। অর্থাৎ, তাদের জয়ের শতাংশ ৪৭.৮। অন্যদিকে, বাংলাদেশ এখনো পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ খেলেছে ১২টি। যার মধ্যে ২টি জয় পেয়েছে টাইগাররা। জয়ের শতাংশ ১৮.১। দুটি জয়ই এসেছে ২০১৭ সালের আসরে। সেবার টুর্নামেন্টের সেমিফাইনালে খেলে মাশরাফি বিন মুর্তজার দল। এবারের টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮ দলের মধ্যে জয়ের শতাংশ বাংলাদেশেরই কম। চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথম খেলছে আফগানিস্তান।
ভিওডি বাংলা/ এমএইচ







