• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ এ.এম.
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে হামে আক্রান্তদের চিকিৎসা চলছে: ছবি-ভিওডি বাংলা

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত প্রায় দেড় মাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০-এ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মারা যাওয়া শিশুদের একজনের বয়স সাত মাস; তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা। হাম উপসর্গ নিয়ে গত ২২ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চার মাস বয়সী আরেক শিশুর বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা; তাকে ভর্তি করা হয় ২৩ এপ্রিল।

এছাড়া পাঁচ মাস বয়সী অপর শিশুর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা। তাকে ২০ এপ্রিল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য, তিন শিশুই হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন শিশু।

গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ৯২৫ শিশু হামের চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩১ জন, আর মৃত্যু হয়েছে ২০ শিশুর।

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। হাঁচি-কাশি কিংবা সংস্পর্শের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে হামের সঙ্গে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতা যুক্ত হওয়ায় শিশুদের ঝুঁকি বাড়ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের অতিরিক্ত কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: বাকৃবি গবেষণা
মায়ের অতিরিক্ত কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: বাকৃবি গবেষণা
বিরোধীদল বাজেটের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ
বিরোধীদল বাজেটের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ
ডিএনডি লেকে ডুবে ৩ জনের মৃত্যু
ডিএনডি লেকে ডুবে ৩ জনের মৃত্যু