বেপরোয়া গতিতে গাছে ধাক্কা, দুই ভাই নিহত

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ ও আরিফ নামে দুই ভাই নিহত হয়েছেন। একই ঘটনায় শাওন নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) রাতে উপজেলার কানকিরহাট- সোনাইমুড়ী সড়কের কেশারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ ও আরিফ সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজিচালিত অটোরিকশা চালক মো. আলমের ছেলে। আহত শাওন একই এলাকার আরেক সিএনজি অটোরিকশার চালক মো. শাহজাহানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে তিন আরোহী নিয়ে দ্রুতগতির মোটরসাইকেল কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিওডি বাংলা/এফএ







