• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষিকাকে জুতাপেটা ও কলেজে ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহী ব্যুরো    ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অশোভন আচরণ এবং হামলার ঘটনায় জড়িত অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতা আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে, যখন দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। ওই সময় পরীক্ষাকেন্দ্র ঘিরে ১৪৪ ধারা জারি ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল।

প্রত্যক্ষদর্শী শিক্ষক ও কর্মচারীদের দাবি, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিশেষ করে আগের প্রশাসনের সময়ে আর্থিক লেনদেন ও আয়-ব্যয়ের হিসাব জানতে চান তারা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরার ওপর শারীরিকভাবে হামলা চালান। পরে কলেজে আরও লোকজন প্রবেশ করে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে মারধর ও অফিস কক্ষে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ দুইজন কর্মচারী। আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, “বিভিন্ন সময় কলেজে এসে তারা হিসাব চাইতেন, মূলত চাঁদাই দাবি ছিল তাদের। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি।”

অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীর দাবি, কলেজে আগের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য জানতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তিনি আরও দাবি করেন, শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে তাদের ওপর হামলা চালান।

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সময় কিছু ব্যক্তি আর্থিক দাবি নিয়ে চাপ সৃষ্টি করে আসছিলেন। এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরোধের সূত্রপাত হয় বলে তিনি জানান।

এ বিষয়ে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। তবে কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুয়েটে সিএমই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রুয়েটে সিএমই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অসুস্থ মেধাবী শিক্ষার্থী রনি মিয়া বাঁচতে চান
অসুস্থ মেধাবী শিক্ষার্থী রনি মিয়া বাঁচতে চান
কেন্দুয়ায় ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল নেওয়ার চেষ্টা, ৬ জনকে জরিমানা
কেন্দুয়ায় ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল নেওয়ার চেষ্টা, ৬ জনকে জরিমানা