দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কোনো পক্ষকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে চায়। তবে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সেই অগ্রযাত্রায় বাধা দিতে চায়, তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, এই সংকট শুধু বাংলাদেশের নয়, বরং বৈশ্বিক সমস্যা। তার ভাষায়, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম বাড়াতে দেরি হয়েছে। সরকারকে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হওয়ায় সামান্য মূল্য সমন্বয় ছাড়া কোনো উপায় ছিল না বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
এ সময় তিনি আরও বলেন, জ্বালানি সংকটে বিশ্বের বিভিন্ন দেশে কলকারখানা বন্ধ হয়ে গেছে, এমনকি কারফিউ পর্যন্ত জারি হয়েছে। তবে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আল ফোরকানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







