• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বক্তব্য বিকৃত করে অপপ্রচার

ফেসবুকের বট বাহিনী নিয়ে শিক্ষামন্ত্রীর ক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি    ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পি.এম.
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারী ‘বট বাহিনী’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এখন যেন ফেসবুক দিয়েই দেশ পরিচালিত হচ্ছে। তবে এসব অপপ্রচার করে কোনো লাভ হবে না।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তিনি আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমে ‘মুজাব্বিদ’ বিষয় না থাকার বিষয়টি তুলে ধরেছেন। এ কারণে শিক্ষার্থীরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখাতে পারছে না এবং প্রায় ৯ হাজার ইসলামী শিক্ষকের পদ পূরণ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, এ ঘাটতি পূরণে কওমি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার কথা বললেও সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করে কোরআন অবমাননার অভিযোগ তোলা হয়েছে।

তিনি অভিযোগ করেন, কিছু বট বাহিনী তার বক্তব্য বিকৃত করে প্রচার চালাচ্ছে। এমনকি তার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে— যেমন পরীক্ষার দিন রুটিন প্রকাশ করা হবে— এ ধরনের কথাও প্রচার করা হয়েছে।

বট বাহিনীর অপপ্রচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা ছবি ও বার্তা তৈরি করে বিভ্রান্তি ছড়ায়। উদাহরণ হিসেবে তিনি বলেন, তিনি মন্তব্য করেছিলেন— শূন্য ফলাফল হলেও এমপিও বাতিল হবে না; কিন্তু সেটিকে বিকৃত করে প্রচার করা হয়েছে— ফেল করলে এমপিও বাতিল করা হবে। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, এখন মনে হয় ফেসবুকেই দেশ চলছে, তবে এসব করে কোনো লাভ হবে না; তার দায়িত্ব তিনি পালন করেই যাবেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদন নেওয়ার পাশাপাশি মন্ত্রণালয়ের নিজস্ব মূল্যায়নও থাকবে।

তিনি বলেন, বাজেট বরাদ্দের ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় এখনো অবকাঠামো নির্মাণেই বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় খাতে পর্যাপ্ত প্রস্তাব দেওয়া হচ্ছে না। এই জায়গায় দেশ এখনও দুর্বল বলে তিনি মন্তব্য করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
সুনামগঞ্জের ডিসিকে বদলী করায় আনন্দ মিছিল
সুনামগঞ্জের ডিসিকে বদলী করায় আনন্দ মিছিল