বিনা ছুটিতে অনুপস্থিত চিকিৎসককে শোকজ

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সহকারী সার্জন (অজ্ঞানবিদ্যা) ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বর্তমানে মধুপুর উপজেলার ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত। এর আগে তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৪ এপ্রিল তিনি কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতির কারণে পুরুষ ওয়ার্ডে রোগী পরিদর্শন এবং অপারেশন থিয়েটারে অজ্ঞান দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হয়।

এতে আরও বলা হয়, তিনি মৌখিকভাবে ১ এপ্রিল ছুটির বিষয়ে অবহিত করলেও পরবর্তীতে কোনো লিখিত আবেদন জমা দেননি। পাশাপাশি নির্ধারিত দিনে অপারেশনে দায়িত্ব পালন করতে পারবেন না—এ বিষয়েও কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দলকে জানাননি।
এদিকে ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর নৈমিত্তিক ও অর্জিত ছুটি স্থগিতের নির্দেশনা জারি করা হয়। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হলেও তিনি ওই নির্দেশনা অমান্য করে বিনোদনমূলক সফরে অংশ নেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ৫ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়, যা স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও নোটিশে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান শোকজ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে সন্তোষজনক জবাব তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
ভিওডি বাংলা/মোঃ লিটন সরকার/আ







