ভিয়েনা চলচ্চিত্র উৎসবে জায়গা পেল খুলনার গল্পভিত্তিক ‘দেলুপি’

ইউরোপের চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে ‘দেলুপি’। নেদারল্যান্ডসে প্রশংসা কুড়ানোর পর এবার অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ প্রদর্শিত হবে সিনেমাটি। আগামী ২৩ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব।
উৎসবের অংশ হিসেবে ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে ‘দেলুপি’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির এই ধারাবাহিক অগ্রযাত্রা নিয়ে বেশ উচ্ছ্বসিত পুরো টিম।
এর আগে চলতি বছর নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের দৃষ্টি কাড়ে ‘দেলুপি’। ইউরোপে এটি সিনেমাটির দ্বিতীয় বড় উৎসবে অংশগ্রহণ, যা নির্মাতা ও সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সাফল্যের বিষয়ে তাওকীর ইসলাম বলেন, “নেদারল্যান্ডসে অভাবনীয় সাড়া পাওয়ার পর এখন সিনেমাটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দের। এটি বাংলা ও বাংলাদেশের সিনেমার জন্য বড় একটি অর্জন।”
খুলনার প্রান্তিক জনপদের বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম এবং প্রকৃতিনির্ভর জীবনযাত্রার নানা দিক উঠে এসেছে ‘দেলুপি’ চলচ্চিত্রে। বিশেষ করে নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং স্থানীয় রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক-এসব বিষয়কে গল্পের ভেতরে দক্ষভাবে তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও জাকির হোসেনসহ আরও অনেকে। তাদের অভিনয় গল্পের বাস্তবতাকে আরও জীবন্ত করে তুলেছে বলে ইতোমধ্যে সমালোচকদের মন্তব্যে উঠে এসেছে।
ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘দেলুপি’ ২০২৫ সালের ৭ নভেম্বর প্রথমে খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ঢাকায় প্রদর্শনের পরও দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলে সিনেমাটি। স্থানীয় গল্প হলেও এর সার্বজনীন আবেদন আন্তর্জাতিক দর্শকদের কাছেও গ্রহণযোগ্যতা পাচ্ছে।
ভিওডি বাংলা/জা







